ইরানের পক্ষ থেকে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার অভিযোগের পর সংযুক্ত আরব আমিরাত অস্থায়ীভাবে তাদের পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে) দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং যাত্রী ও ক্রুদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আমিরাত দাবি করে, ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন বাহিনীর হতাহতের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, আহতদের মধ্যে দগ্ধ হওয়া, মস্তিষ্কে আঘাত এবং বিস্ফোরণের টুকরোয় আহত হওয়ার ঘটনা রয়েছে। তবে আহতদের মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে এসেছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, অনেক হামলাই ইরানের ‘একমুখী’ ড্রোন ব্যবহারের ফলে হয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্প্রতি জানান, এসব ড্রোন হামলাই বেশিরভাগ হতাহতের জন্য দায়ী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইরানও ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়ে আসছে। এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।