পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ (১৭ মার্চ) সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। পরে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমকে সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।
শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো আগামী ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে। উক্ত দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এছাড়া ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করতে পারবে। আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদযাপিত হয়, সেই দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।