মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও আকাশপথে নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে একাধিক গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও ভ্রমণ-সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়, জর্ডানের রাজধানী আম্মান, উপসাগরীয় দেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের তেল আবিব-গামী ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি কাতারের রাজধানী দোহা-রুটে ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
সংস্থাটির এক মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আকাশসীমার অস্থিতিশীলতার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা চাইলে অন্য কোনো এয়ারলাইন্সে নতুন করে বুকিং দিতে পারবেন, ভ্রমণের সময় পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।
তবে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা-গামী ফ্লাইট পূর্বের মতোই স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।