ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে-এমন খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। আলোচনার আভাস মিলতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
বুধবার এশিয়ার বাজারে দিনের শুরুতেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ‘এখনই’ আলোচনা চলছে বলে মন্তব্য করার পর বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি জানান, আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্পৃক্ত রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইরান। তেহরানের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনো আলোচনা চলছে না এবং এ সংক্রান্ত খবর ভিত্তিহীন। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চয়তা কাটেনি।