যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংস্থাটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এব্রাহিম জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি কি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা নিজেদের মধ্যেই আলোচনার কথা বলছে?
তিনি আরও মন্তব্য করেন, ব্যর্থ অবস্থাকে কোনোভাবেই চুক্তি হিসেবে উপস্থাপন করা উচিত নয়। তার ভাষায়, বাস্তবতা আড়াল করতে এ ধরনের দাবি দেওয়া হচ্ছে। ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেলের দাম বা আগের বৈশ্বিক অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যখন ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা পুরোপুরি বন্ধ হবে, তখনই নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।
কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই তাদের অবস্থান স্পষ্ট—ইরান কোনো অবস্থাতেই এ ধরনের সমঝোতায় যাবে না। বর্তমান পরিস্থিতিতেও না, ভবিষ্যতেও না। এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।