আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করেছে। ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই সূচি চূড়ান্ত করা হয়।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের তিন পার্বত্য জেলা-রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-ব্যতীত অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
অন্যদিকে, পার্বত্য তিন জেলায় পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।