ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের শিরোপাজয়ী দল রাজস্থান রয়্যালসের মালিকানায় থাকা অংশ বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পরিবার। ফ্র্যাঞ্চাইজিটির শুরুর সময় করা এক চুক্তির কারণেই এই আর্থিক সুবিধা নিশ্চিত হয়েছে।
আইপিএলের উদ্বোধনী মৌসুমে রাজস্থানের অধিনায়কত্বের পাশাপাশি ক্রিকেট পরিচালনার দায়িত্বও পালন করেছিলেন শেন ওয়ার্ন। সে সময় তার সঙ্গে করা চুক্তিতে একটি বিশেষ শর্ত যুক্ত ছিল। চুক্তি অনুযায়ী, রাজস্থানের হয়ে যত মৌসুম খেলবেন, প্রতি মৌসুমে তিনি দলটির ০.৭৫ শতাংশ মালিকানা অর্জন করবেন। রাজস্থানের হয়ে চার মৌসুম খেলায় তার মোট মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে রাজস্থান রয়্যালস প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এর ফলে ওয়ার্নের অর্জিত ৩ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকার মধ্যে। জানা গেছে, চলতি আইপিএল মৌসুম শেষ হওয়ার পর ওয়ার্নের পরিবার তাদের এই শেয়ার বিক্রি করে অর্থ গ্রহণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই সাবেক তারকা ক্রিকেটার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দূরদর্শী সিদ্ধান্তের জন্যও পরিচিত ছিলেন। প্রায় দুই দশক আগে রাজস্থানের সঙ্গে করা ওই চুক্তিই তার উদাহরণ, যার সুফল এখনো তার পরিবার পাচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে এমার্জিং মিডিয়া গ্রুপের নেতৃত্বে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি কেনা হয়েছিল।