২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে এক লাখ টাকা জমা দিতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, অনলাইনে জমা দেওয়া আবেদন যাচাই করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেধা তালিকা ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। নির্দেশনা অনুযায়ী, আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইন মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল বা ডেন্টাল কলেজে স্থানান্তরের সুযোগ পাবেন। এ জন্য ২৯ মার্চ বিকেল ৫টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজগুলো থেকে জানা যাবে। ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করে কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। পাশাপাশি মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হবে। সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ভর্তি দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমানের সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি। নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তির সময় নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না। মাইগ্রেশন প্রক্রিয়া শেষে বাকি ফি সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা দিতে হবে।
অনলাইন মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে। আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।