রাজধানীর মগবাজারে একটি পোশাকের দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা গেছে, মগবাজারের একটি বিপণি কেন্দ্রে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তির অসদাচরণ লক্ষ্য করা গেলেও সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় থাকতে দেখা যায়।
আদালত পর্যবেক্ষণে বলেন, এ ধরনের আচরণ জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করতে পারে। কেন পুলিশের এমন ভূমিকা আইনবহির্ভূত ও দায়িত্ববোধের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে না—তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরকে সামনে রেখে গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে আশপাশের কিছু ব্যবসায়ী মগবাজারে ‘নবীন ফ্যাশন’ নামের দোকানটি বন্ধ করে দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও ছিল।