নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে শিমরাইল মোড় এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাইদুর ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সাইদুর ইসলাম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, প্রায় ১৫০ গ্রাম হেরোইন এবং ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।