মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে তারা প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর তিন প্রধান তাদের স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর রাষ্ট্রপতি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এস এম আসাদুল হক। পরিদর্শন শেষে তিনি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বাহিনীগুলোর সালাম গ্রহণ করেন।
এবারের কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয়, যার মধ্যে ছিল সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে আকাশপথে প্যারাট্রুপারদের জাতীয় পতাকা বহন করে অবতরণ এবং বিমান বাহিনীর কৌশলগত উড়োজাহাজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমানের সালাম প্রদানের মধ্য দিয়ে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।