আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র-এর অনুপস্থিতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়লেও, তাকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করতেই পারছেন না কিলিয়ান এমবাপ্পে। চোট ও ফিটনেস জটিলতায় নেইমারের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন সাবেক সতীর্থের পাশে দাঁড়িয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ফরাসি অধিনায়ক।
বোস্টনে অনুষ্ঠিতব্য ফ্রান্স-ব্রাজিল প্রীতি ম্যাচকে ঘিরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, নেইমার এমন একজন খেলোয়াড়, যাকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবাও কঠিন। তার ভাষায়, নেইমার একজন ‘বিশেষ প্রতিভা’ এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা।
বর্তমানে সান্তোস-এর হয়ে খেলে ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দিচ্ছেন নেইমার। তবে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে শতভাগ ফিটনেস প্রমাণ করতে হবে।
এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, কোচের সিদ্ধান্তকে সম্মান জানালেও নেইমারের মতো খেলোয়াড় যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তার বিশ্বাস, সব প্রতিকূলতা কাটিয়ে নেইমার বিশ্বমঞ্চে ফিরবেন। এদিকে ভিনিসিউস জুনিয়র-কে নিয়ে এমবাপ্পে বলেন, জাতীয় দলের হয়ে তাকে এখন আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তবে ‘নেইমার তো নেইমারই’—এই মন্তব্যের মাধ্যমে সাবেক সতীর্থের প্রতি নিজের আস্থা ও শ্রদ্ধা আবারও তুলে ধরেন তিনি।