পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ বিরতির পর রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান পুনরায় শুরু হচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরছে।
শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, কলেজ পর্যায়ে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ছুটি কার্যকর ছিল, যা ২৫ মার্চ পর্যন্ত স্থায়ী হয়। এর সঙ্গে ২৬ মার্চের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতির সময় আরও বেড়ে যায়। ফলে আজ থেকে কলেজ গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
একই সময়সূচিতে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালিত হয়। প্রাথমিক বিদ্যালয় গুলোতে ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটিও একই সময়ে শেষ হওয়ায় দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলছে।
দীর্ঘ বিরতির ফলে সম্ভাব্য শিখন ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শিক্ষার্থীদের পাঠক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে স্কুল খোলার পর টানা ১০টি শনিবারও ক্লাস চালু রাখা হবে। এতে শিক্ষার্থীদের পাঠে ধারাবাহিকতা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।