অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার
দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ ধরনের কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিত বাজার পর্যবেক্ষণ করবে এবং কোথাও অনিয়ম বা অবৈধ মজুদের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, অবৈধভাবে তেল মজুদের তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি সচেতন নাগরিকদের নির্ভরযোগ্য তথ্য ও গঠনমূলক পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি বলেছে, স্বাভাবিক ক্রয় ও সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।