ঈদের দীর্ঘ ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করায় ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় রাজধানীর ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ‘ক্লিন স্কুল, নো মশক’ শীর্ষক এ উদ্যোগ শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রাজধানীর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে স্কুল-কলেজের বিভিন্ন স্থানে এডিস মশা বংশবিস্তার করার পরিবেশ তৈরি হয়েছে, যা প্রতিরোধে আগাম পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। মশার বিস্তার রোধে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘ ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তিন দিনের মধ্যে সব প্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ ও ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষ, আঙিনা এবং আশপাশ এলাকায় লার্ভিসাইডিং ও এডালটিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।