সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে খামার ও দোকান পুড়ে ছাই, গবাদিপশুর ব্যাপক প্রাণহানি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু-ছাগলের খামারসহ অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ১১টি গরু ও ১৩টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভাটিয়ারীর গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন মীর ব্রিক ফিল্ডের পাশে আস্তানা মাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং খামারসহ পাশের দোকানগুলো গ্রাস করে। আগুনের তীব্রতায় খামারের ভেতরে থাকা গবাদিপশু সরিয়ে নেওয়ার সুযোগ পাননি মালিকরা। ফলে ব্যাপক প্রাণহানি ঘটে এবং দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের হিসাবে, এ ঘটনায় কয়েক লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর শনিবার (২৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।