ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্যসহ মোট তিনজন।
দুর্ঘটনাটি রোববার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত নারী ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা এবং গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন তাঁর মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং আরও একজন যাত্রী পবিত্র মজুমদার (৫০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বরগুনাগামী “গ্রীনভিউ” পরিবহনের বাসটি বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেখানে ইতি কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়া বাসটি উদ্ধার করে হেফাজতে নেয়।