আফ্রিকার ফুটবলের শীর্ষ সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (CAF) সাধারণ সম্পাদক ভেরন মোসেঙ্গো-ওম্বা পদত্যাগ করেছেন। মহাদেশজুড়ে ফুটবলে চলমান বিশৃঙ্খলার মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে।
ভেরন মোসেঙ্গো-ওম্বা এক বিবৃতিতে জানান, তিনি অবসরে যাচ্ছেন। তবে পদত্যাগ এমন সময়ে এসেছে যখন ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নেওয়া এবং নারী ফুটবলের টুর্নামেন্ট শেষ মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কগুলো CAF-কে আস্থার সংকটে ফেলেছে।
রবিবার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এখন আমি যেসব সন্দেহ আমার ওপর আরোপ করা হয়েছিল তা দূর করতে পেরেছি। তাই শান্ত মনে ও কোনো বাধা ছাড়াই অবসর নিচ্ছি, এবং CAF-কে আরও শক্তিশালী অবস্থায় রেখে যাচ্ছি। ৬৬ বছর বয়সী ভেরন মোসেঙ্গো-ওম্বা সমালোচিত হয়েছেন, কারণ নির্ধারিত অবসর বয়স ৬৩ পার হওয়ার পরও তিনি পদে ছিলেন। কিছু কর্মচারী তার বিরুদ্ধে নেতিবাচক কর্মপরিবেশ তৈরির অভিযোগ তুললেও অভ্যন্তরীণ তদন্তে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগরিক মোসেঙ্গো-ওম্বা ২০২১ সালের মার্চে CAF-এর সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পান। তার রয়েছে সুইস নাগরিকত্বও। সংস্থাটির প্রতিযোগিতা বিভাগের পরিচালক স্যামসন আদামু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে, সেনেগালের পক্ষ থেকে আফ্রিকা কাপ অব নেশনস শিরোপা হারানোর সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে CAF ক্রীড়া সালিশি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। জানুয়ারিতে মরক্কোর বিপক্ষে ফাইনালে ১-০ ব্যবধানে জয়ী হওয়া সত্ত্বেও, ম্যাচের বিরোধের কারণে সংস্থার আপিল কমিটি সেনেগালের ফল বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে।
ম্যাচ চলাকালে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে পেনাল্টি দেওয়া হলে সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদে মাঠ ত্যাগ করেন। প্রায় ১৭ মিনিট বিরতির পর ফিরে আসেন, তবে মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় এবং পরে অতিরিক্ত সময়ে সেনেগাল জয়লক্ষ্য গোল করে। পরে মরকোর আপিলের ভিত্তিতে CAF সেই ম্যাচের ফল বাতিল করে মরকোকেই বিজয়ী ঘোষণা করে।