দেশজুড়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন হাম আক্রান্তরা। বিশেষজ্ঞদের মতে, অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে।
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে মার্চ মাসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ডা. শ্রীবাস পাল জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। শুধু মার্চ মাসেই পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা শতাধিক।
তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। কোভিডের সময় মেনে চলা স্বাস্থ্যবিধি অনুসরণ করলে হাম প্রতিরোধ সম্ভব বলে জানান ডা. শ্রীবাস পাল।