ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩১০ কোটি টাকার মানি লন্ডারিং মামলা
অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালি ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন-এর বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।
সোমবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ঢাকার কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া এলাকায় ইভ্যালি ডটকম লিমিটেড নামে ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে তারা অসংখ্য গ্রাহকের কাছ থেকে অনলাইনে পণ্যের অর্ডার গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনেও মূল্য পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে।তদন্তে আরও উঠে এসেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা বিলাসবহুল গাড়ি ক্রয়, স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন। গ্রাহকদের বারবার ডেলিভারির তারিখ পরিবর্তনের মাধ্যমে আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত পণ্য সরবরাহ করা হয়নি।
সিআইডি জানায়, এই প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারণার শিকার হয়েছেন। অনুসন্ধানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২৮ মার্চ ডিএমপির কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় আরও জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আত্মসাৎ করা অর্থের সন্ধান পেতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।