এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেলেও তা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় শিশুদের জন্য পৃথক ওয়ার্ড, আইসোলেশন সুবিধা এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
টিকা সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরবর্তী সময়ে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তিনি আরও জানান, বিভিন্ন টিকা সংগ্রহে সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং ইতোমধ্যে টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ ইউনিসেফ-কে পরিশোধ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, টিকা দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জানানো হয়, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।