জ্বালানি তেলের দাম নির্ধারণে সরকার বর্তমানে বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার জ্বালানি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ লাখ ৮৬ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এ ধরনের মজুদদারি রোধে তদারকি জোরদার করা হয়েছে।
মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ভবিষ্যৎ আশঙ্কায় বাড়তি তেল কিনে বাসাবাড়িতে সংরক্ষণ করছেন।
তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে ইন্দোনেশিয়া থেকে আরও দুটি কার্গো তেল দেশে আসবে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি তেল মজুদ রয়েছে। এপ্রিল মাসে বিভিন্ন জাহাজে করে মোট ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে জানান তিনি। এর মধ্যে একটি জাহাজ সোমবার এবং আরেকটি আগামী ৩ এপ্রিল দেশে পৌঁছানোর কথা রয়েছে।