প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৩০ মার্চ ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে রওনা হলে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা প্রায় ২০ মিনিট আলোচনা করেন। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান কার্যালয় ত্যাগ করলে প্রধানমন্ত্রী তাকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবেই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিদের প্রতি সৌজন্য প্রদর্শন করে থাকেন।