৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
কমিশন সূত্র জানিয়েছে, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বিসিএস প্রক্রিয়ায় গতি আনতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা অনুযায়ী ৪৭তম বিসিএস দ্রুত এগিয়ে চলছে। গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারা দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি, যা দ্রুততার নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই মৌখিক পরীক্ষার (ভাইভা) সূচি ঘোষণা করা হবে। পিএসসির লক্ষ্য প্রতি বছরের অক্টোবরের মধ্যে একটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিশ্চিত করা।
পিএসসি বলছে, বিসিএস জট কমানো এবং নিয়োগ প্রক্রিয়াকে সেশন জটমুক্ত করতে তারা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন নিয়োগ দেওয়া হবে।