মহান আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পরীক্ষা নেওয়ার জন্য আর্থিকভাবে ভিন্ন ভিন্ন অবস্থানে রেখেছেন। কেউ সম্পদে সমৃদ্ধ, আবার কেউ সীমিত সামর্থ্যের অধিকারী। তবে আল্লাহর রহমত, বরকত ও প্রকৃত সফলতা নির্ভর করে মানুষের ঈমান, আমল ও জীবনযাপনের ওপর।
বাস্তবতা হলো—ধনী-গরিব নির্বিশেষে অনেক মানুষই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সংকীর্ণতা ও অশান্তি অনুভব করে। কারণ রিজিক কেবল উপার্জনের পরিমাণ নয়; বরং এতে বরকত, প্রশান্তি ও আল্লাহর সন্তুষ্টি অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা বলা হয়েছে, যা মানুষের জীবনে বরকত ও প্রশান্তি বয়ে আনে।
ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা)
ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এটি রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম।
আল্লাহ তাআলা বলেন, “তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং বাগান ও নদী দান করবেন।”
(সুরা নূহ: ১০-১২) হাদিসে এসেছে, বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন।
দরুদ পাঠ
নবী করিম (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করলে দুশ্চিন্তা দূর হয় এবং গুনাহ মাফ হয়। দুশ্চিন্তামুক্ত জীবন নিজেই এক বড় নিয়ামত, যা রিজিকের অংশ।
সদকা (দান)
সদকা বাহ্যিকভাবে সম্পদ কমালেও বাস্তবে এতে বরকত বৃদ্ধি পায়।
আল্লাহ বলেন,
“তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান দেন।”
(সুরা সাবা: ৩৯)
দান করলে অপচয় কমে, অপ্রত্যাশিত সাহায্য আসে এবং অন্তরে প্রশান্তি সৃষ্টি হয়।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিকে বরকত আনে।
রাসুল (সা.) বলেন,“যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
(সহিহ বুখারি: ৫৯৮৬)
তাকওয়া অবলম্বন
আল্লাহভীতি বা তাকওয়া মানুষের জীবনে অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, “যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করেনি।”
(সুরা তালাক: ২-৩)
কোরআনের সঙ্গে সম্পর্ক
নিয়মিত কোরআন তিলাওয়াত, বিশেষ করে সুরা ওয়াকিয়াহ পাঠ করার প্রতি অনেক আলেম গুরুত্ব দিয়েছেন। কোরআনের সঙ্গে সম্পর্ক মানুষের জীবনদৃষ্টি পরিবর্তন করে এবং দুনিয়া ও আখিরাতে বরকত আনে।
সবশেষে মনে রাখতে হবে-রিজিক শুধু অর্থ নয়; বরং এতে শান্তি, তৃপ্তি, সুস্থতা ও আল্লাহর সাহায্য অন্তর্ভুক্ত। উপার্জন কেবল মাধ্যম, প্রকৃত রিজিকদাতা একমাত্র আল্লাহ।
তাই ইস্তিগফার, দরুদ, সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও তাকওয়াকে জীবনের অংশ করলে আল্লাহর পক্ষ থেকে এমন বরকত আসে, যা কল্পনারও বাইরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন।