বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন। অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম দেশটির সিনেটে বলেন, আজহারির অস্ট্রেলিয়া সফর নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেখানে তিনি নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের প্রশংসা করেন এবং ইহুদি সম্প্রদায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।