দেশের অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য হলেও কৃষকদের জন্য সুরক্ষাব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়—এমন প্রেক্ষাপটে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। কৃষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদারে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সেচ সুবিধা, সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমা এবং উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করার সুযোগ পাবেন।
প্রান্তিক কৃষকদের মতে, এ সুবিধাগুলো বাস্তবায়িত হলে কৃষি খাতে নতুন গতি আসবে। একই সঙ্গে কৃষকের আয় বাড়বে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে একসঙ্গে ২০ হাজার কৃষকের মধ্যে এই কার্ড দেওয়া হবে। ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক—এই তিন শ্রেণির কৃষক এতে অন্তর্ভুক্ত হবেন। কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
কৃষক কার্ডে যেসব সুবিধা মিলবে
কৃষক কার্ডকে শুধু পরিচয়পত্র নয়, বরং একটি সমন্বিত সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে পাওয়া যাবে—
১ । সরাসরি সরকারি ভর্তুকি
২ । ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ
৩ । সহজ শর্তে কৃষিঋণ
৪ । শস্য ও কৃষি বিমা সুবিধা
৫ । কৃষি প্রণোদনা
৬ । সেচে ভর্তুকি ও সুবিধা
৭ । উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ
৮ । আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা
৯ । উন্নত চাষাবাদে প্রশিক্ষণ
১ ০ । আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ৮টি বিভাগের ১১টি উপজেলার নির্ধারিত স্থানে এই কার্ড বিতরণ করা হবে। টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য
কৃষক কার্ড পেতে আবেদনকারীদের কিছু মৌলিক তথ্য জমা দিতে হবে, যেমন
১ । জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
২ । পাসপোর্ট সাইজ ছবি
৩ । মোবাইল নম্বর
৪ । জমির মালিকানা বা চাষাবাদের প্রমাণপত্র
৫ । ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাব নম্বর
যেভাবে পাবেন কৃষক কার্ড
এই কার্ড মূলত স্থানীয় কৃষি দপ্তরের মাধ্যমে বিতরণ করা হবে। প্রক্রিয়াটি হলো—
১. সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ
২. নির্ধারিত ফরমে নিবন্ধন
৩. জমির তথ্য ও চাষাবাদের যাচাই
৪. ডিজিটাল প্রোফাইল তৈরি
৫. উপজেলা কৃষি অফিস থেকে কার্ড সংগ্রহ
সরকার ইতোমধ্যে এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে। জানানো হয়েছে, কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।