হামের প্রকোপ: হাইকোর্টে স্কুল বন্ধ রাখার রিট দায়ের
দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যু ঘটেছে। তাই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং স্কুল খোলা সংক্রান্ত বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রিটের শুনানি করতে পারে।
এর আগে, বুধবার (১ এপ্রিল) মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে দেশে শিশুদের হামের টিকার ব্যবস্থা নিশ্চিত করতে আইনি নোটিশ পাঠান। নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।
বর্তমানে দেশে হামের সংক্রমণ ক্রমেই বিস্তৃত হচ্ছে। রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, হামে আক্রান্ত শিশুদের ৬০ শতাংশের বেশি বয়স ৯ মাসের কম, যাদের কেউই টিকা পায়নি। সাধারণত শিশুদের প্রথম ডোজ টিকা ৯ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রথম ডোজ টিকা ৬ মাস বয়স থেকেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ রোধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।