সরকারি কাজের গতিশীলতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত নোটিশে কর্মকর্তাদের শৃঙ্খলা ও সাশ্রয়ী আচরণের ওপর বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী অফিস কক্ষে নিয়মিত অবস্থান নিশ্চিত করা, বৈদ্যুতিক শক্তি সাশ্রয় করা এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি।
নোটিশে আরও বিস্তারিত নির্দেশনা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতি সাশ্রয় করা।
অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা।
এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।
অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা।
করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা।
অফিসের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
উক্ত নির্দেশনাগুলি নিশ্চিত করতে প্রতিটি দপ্তর ও সংস্থায় ভিজিল্যান্স টিম গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে অফিসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে এবং বৈদ্যুতিক ও জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে।