একলাফে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ৩৮৭ টাকা
এপ্রিল মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিক্রেতাদের জন্য নির্দেশনা অনুযায়ী, এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, মার্চ মাসে দেশের বাজারে এলপিজির দাম অপরিবর্তিত ছিল। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ মাসে সেই দামে বাজারে বিক্রি হয়েছে এলপিজি।
অন্যদিকে, এপ্রিল মাসের জন্য অটোগ্যাসের ভোক্তা মূল্যও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটারে মূসকসহ দাম ৭৯ টাকা ৭৭ পয়সা, যা আগের দাম থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বেশি। এর আগে ২ মার্চ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ চ্যালেঞ্জের কারণে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। তবে এটি সরাসরি ভোক্তার গ্যাস বিল ও পরিবহন খরচে প্রভাব ফেলবে।
ভোক্তাদের জন্য বিইআরসি সুপারিশ করেছে, বাজারে দাম বৃদ্ধি সংক্রান্ত তথ্য নিশ্চিতভাবে জানতে এবং বৈধ বিক্রেতার কাছ থেকে এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে।