ইরানে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে দেশটির ভেতরে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে এই অভিযান চালানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজ জানায়, ইরানের আকাশসীমায় একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করে যুক্তরাষ্ট্র। বিমানে থাকা দুই ক্রু সদস্য জরুরি পরিস্থিতিতে বের হতে সক্ষম হলেও তাদের অবস্থান দ্রুত শনাক্ত করতে অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় দুটি সামরিক হেলিকপ্টার ও নিম্ন উচ্চতায় উড্ডয়নকারী একটি জ্বালানি সরবরাহকারী বিমান। তবে অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে হেলিকপ্টার দুটি ক্ষতিগ্রস্ত হয়। তবুও সেগুলো নিরাপদে ইরাকের দিকে ফিরে যেতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে ইরানের স্থানীয় গণমাধ্যমে তল্লাশি কার্যক্রম প্রচার করা হচ্ছে এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে উদ্ধার অভিযানের সময় আরও একটি মার্কিন যুদ্ধবিমান হামলার মুখে পড়ে। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, এ-১০ ওয়ারথগ মডেলের একটি বিমান ইরানি হামলার শিকার হলে এর পাইলট প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারগুলোর একটিতেও ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়, এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।