দীর্ঘদিন ধরে চোখের জটিলতায় ভুগছেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। উন্নত চিকিৎসা গ্রহণের জন্য তিনি শিগগিরই সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ৫ এপ্রিল রাতে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে রওনা হবেন। একইসঙ্গে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
তার এই ঘোষণার পর চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানিয়েছেন। সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে অভিনয় ও প্রযোজনার মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তোলেন। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।
পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ওই চলচ্চিত্রেই ‘সোহেল রানা’ নাম ব্যবহার করেন, যা পরবর্তীতে তার পরিচয়ের স্থায়ী অংশ হয়ে ওঠে।