লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ৬০টি হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য, এসব হামলা লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে হামলার সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ২৫০-এ পৌঁছেছে।
হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা, মেতুলা, আভিভিম, নাহারিয়াসহ বিভিন্ন এলাকায় একাধিকবার হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের অন্তত ৪০টি বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে গোষ্ঠীটি।
এছাড়া দক্ষিণ লেবাননের আকাশসীমায় একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এতে হেলিকপ্টারটি পিছু হটে যায়। গোষ্ঠীটি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের মেরকাভা ট্যাংক ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা ও অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে।
অন্যদিকে ইসরায়েল-এর গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলা ও সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন সেনা সদস্য।
এ ঘটনার পর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করেছে এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও চালাচ্ছে। লেবাননের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্তজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।