গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, দায়িত্বভার নিলেন নিলু
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন। তার পরিবর্তে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নিলু। রাতিরপুলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকি জানান, “সরকার ও রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই আমি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।”
সংবাদ সম্মেলনে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সম্পর্কেও মন্তব্য করেন। সাকি বলেন, “সনদ কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে,
তবে সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।” জোনায়েদ সাকি গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ‘মাথাল’ প্রতীকের হয়ে নির্বাচিত হন। এরপর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।