ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে ১২ সেনা নিহত, আহত ৩৬৫
পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১২ সেনা নিহত এবং অন্তত ৩৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সেনা, নৌবাহিনী, মেরিন কর্পস এবং বিমানবাহিনীর সদস্যরা।
আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনা, ৬৩ জন নেভি নাবিক, ১৯ জন মেরিন কর্পস এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন। একই দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতদের সংখ্যা কতটা, তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ইরানের ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে ঝুঁকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিধ্বস্ত বিমানের একজন পাইলট উদ্ধার করা হয়েছে, তবে আরও একজন ক্রু নিখোঁজ।
সিবিএস নিউজ জানিয়েছে, ওই ক্রু সদস্যকে উদ্ধারে দুটি মার্কিন বিমানই ইরানের হামলার মুখোমুখি হয়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানের পাইলটকে সাগরে ঝাঁপ দিতে হয়েছে এবং পরে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের একটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। তবে এফ-১৫ বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজ এখনও অব্যাহত।