মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ শুক্রবার রাতের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দেয় এবং বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস করতে হবে। এটি সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এর আগে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭,৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এটিও প্রাইড শিপিং লাইনসের এজেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানি করা হচ্ছে।