রাজধানীর ব্যস্ততম মালিবাগ মোড়ের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই আবারও আগের চিত্র ফিরে এসেছে। ফলে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানটি কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, মালিবাগ রেলগেট থেকে মৌচাকমুখী সড়কের ফুটপাতের বড় একটি অংশ আবারও হকার ও ভ্রাম্যমাণ দোকানদারদের দখলে চলে গেছে। কোথাও প্লাস্টিকের ছাউনি, কোথাও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা চলছে আগের মতোই। এতে পথচারীদের আবারও ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।
কয়েকদিন আগেই এই এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ছিল সম্পূর্ণ দখলমুক্ত। তখন যানজট কমে আসা এবং পথচারীদের স্বস্তিতে চলাচলের চিত্র দেখা গিয়েছিল। তবে সেই পরিস্থিতি স্থায়ী হয়নি।
স্থানীয় এক পথচারী বলেন, “অভিযানের পর কয়েকদিন ভালো ছিল। এখন আবার আগের মতো হয়ে গেছে। তাহলে ওই অভিযান কি শুধু দেখানোর জন্য ছিল?
স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী একটি চক্রের মদদে দীর্ঘদিন ধরেই এখানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালিত হচ্ছে। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও তা স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না।
সংশ্লিষ্টদের মতে, উচ্ছেদের পর নিয়মিত তদারকি না থাকায় দখলদাররা দ্রুত ফিরে আসে। অনেক ক্ষেত্রে দিনের বেলা নিয়ন্ত্রণ থাকলেও সন্ধ্যার পর আবারও ফুটপাত দখল হয়ে যায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু উচ্ছেদ অভিযান নয়, টেকসই সমাধানের জন্য বিকল্প পুনর্বাসন, কঠোর নজরদারি এবং আইন প্রয়োগ জরুরি। অন্যথায় এ ধরনের অভিযান বারবার পরিচালিত হলেও বাস্তব চিত্রে পরিবর্তন আসবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরবাসীর দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।