বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকাগামী এমভি সাব্বির-৩ লঞ্চটি কালিগঞ্জ লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ‘মোল্লা ভাই ভাই’ নামের বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পরপরই বাল্কহেডটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বাল্কহেডে থাকা চারজনকে নিরাপদে তীরে তুলতে সক্ষম হন। কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই সুস্থ আছেন। লঞ্চটির তেমন কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।