ইরানে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গোলাগুলির মধ্যে পরিচালিত অভিযানে ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে এখনও পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না। উদ্ধারকারী দলকে ইরান থেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, একই বিমানের একজন পাইলটকে উদ্ধার করা হলেও অপর ক্রু সদস্য নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইরানের ভেতরে অভিযান চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন এবং তাকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, নিখোঁজ ক্রুকে খুঁজে না পেয়ে যুক্তরাষ্ট্র সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তাসনিমের বরাতে আরও বলা হয়, কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হয়েছে, যেখানে নিখোঁজ পাইলট অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ সদস্যদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি জটিল হওয়ায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।