বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিস-আদালতের সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। রবিবার থেকে দেশের সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহানগর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিন অনলাইন ও এক দিন সরাসরি ক্লাস চালুর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
গত ২ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও একই সময় খোলা থাকবে, তবে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া জরুরি সেবা ছাড়া সব অফিস ভবন, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে। এদিকে জ্বালানি ব্যবহার কমানো ও পরিবেশ দূষণ হ্রাসের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ বৈদ্যুতিক বাস শুল্কমুক্ত আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে এ ধরনের বাস আমদানিতে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার কুমিল্লায় বলেন, অনলাইনে ক্লাস চালুর বিষয়টি আপাতত মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।