সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা চাচ্ছে অর্থ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আজ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এর আগে নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, এই প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকারের মোট ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, কমিশনের সুপারিশ কার্যকর করার আগে তা পর্যালোচনার জন্য গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বিচার বিভাগীয় বেতন কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতনসংক্রান্ত প্রতিবেদনের যাচাই-বাছাই শেষে সরকারের কাছে সুপারিশ দেবে।
তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের কারণে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই পর্যালোচনা কমিটির কার্যক্রম এখনো শুরু হয়নি। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনো অনিশ্চয়তায় রয়েছে।