রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের গুলশান জোন সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়ক অবরোধ করলে তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে যাত্রীদের ভোগান্তি এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা, গুলশান ও বনানী এলাকা থেকে তেজগাঁওমুখী যানবাহন চলাচল অব্যাহত রাখা হয়।
এদিকে কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী যানবাহনের জন্য বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।