সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি দল সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে, যা সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর। এ ধরনের বিভাজন হিংসা ও বিদ্বেষ উসকে দেয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা প্রয়োজন। বিভাজনমূলক চিন্তা থেকে সরে এসে সহনশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশের বহুমাত্রিক ধর্মীয় ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের সমাজব্যবস্থা সব ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে এসেছে। ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মাবলম্বীর সহাবস্থানই দেশের শক্তি। তাই ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সমর্থনেই বর্তমান সরকার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। সামনে দেশের উন্নয়ন ও কল্যাণে আরও অনেক কাজ বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।