দোকানপাট-শপিংমল সন্ধ্যা ৭টায় বন্ধ, জ্বালানি সাশ্রয় কার্যক্রমে নতুন সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানিখাতে অস্থিরতা দেখা দেওয়ার পর দেশে জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা সংশোধন করা হয়েছে। প্রথমে রাজধানীর সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে রবিবার (৫ এপ্রিল) থেকে তা আরও এক ঘণ্টা বৃদ্ধি করে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতেও সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এপ্রিলে জ্বালানি তেলের প্রয়োজনীয় মজুত রয়েছে এবং তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।
এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন।