ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালিভিত্তিক মানবিক সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
সংস্থাটির তথ্যমতে, শনিবার বিকেলে কাঠের তৈরি একটি নৌযান ভূমধ্যসাগরের অনুসন্ধান ও উদ্ধার এলাকায় ডুবে যায়, যা লিবিয়ার নিয়ন্ত্রণাধীন। নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউরা থেকে যাত্রা শুরু করেছিল। এতে শিশু, নারী ও পুরুষসহ মোট ১০৫ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়।
নৌযানটি লিবিয়ার ভূমধ্যসাগরীয় তেলক্ষেত্র বৌরি এলাকার প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ডুবে যায়। দুর্ঘটনার পর সেখান থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিখোঁজদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ ও মানবিক অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তা সংস্থা আনসা জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে জানা গেছে, নৌযানটিতে প্রকৃতপক্ষে প্রায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। উপকূলরক্ষী বাহিনী পৌঁছানোর আগেই অন্তত ৮০ জন সাগরে ডুবে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।