ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না—এ মর্মে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়েছে। সোমবার বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি সগীর হোসেন এর সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ১ ডিসেম্বর ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়। এতে বাদী হন ডা. মো. মাহফুজুর রহমান, যিনি জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের স্নায়ু আঘাত শল্যবিদ্যা বিভাগের অধ্যাপক। মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আবুল সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করেছেন, যা বাদীর অনুভূতিতে আঘাত হেনেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।