ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে প্রণয় ভার্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক জনগণ-সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এছাড়া তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বেও জোর দেন। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জবাবে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ রয়েছে।
বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে হুমায়ূন কবির বলেন, “শেখ হাসিনা রাজনৈতিকভাবে বাংলাদেশে মরে গেছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে এখন আর কিছু নেই।” তবে বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। হুমায়ূন কবির আরও জানান, ইন্ডিয়ান ওসেন সামিটে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যাত্রাপথে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতে একটি শুভেচ্ছা সফরও সম্পন্ন হবে।