চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চারটি জ্বালানি জাহাজ
চট্টগ্রাম বন্দরে আজ (৬ এপ্রিল) দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চারটি জাহাজ নোঙর করেছে। এগুলোতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG), এলপিজি (LPG) এবং গ্যাস অয়েল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ এ তথ্য জানিয়েছে।
বন্দর সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশ ও উপসাগরীয় অঞ্চল থেকে এ জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে পৌঁছেছে। বর্তমানে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে।
আগত জাহাজগুলোর তথ্য
গ্যাস চ্যালেঞ্জার (GAS CHALLENGER): ভারত থেকে এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে ভিড়েছে। বর্তমানে ‘ভাটিয়ারী’ এলাকায় অবস্থান করছে।
শান গ্যাং ফা শিয়ান (SHAN GANG FA XIAN): মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ৩ এপ্রিল বন্দরে এসেছে। বর্তমানে ‘DOJ/6’ জেটিতে অবস্থান করছে। খালাস আগামী ৭ এপ্রিল শেষ হওয়ার আশা।
কুল ভয়েজার (COOL VOYAGER): নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। বর্তমানে ‘FSRU’-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে খালাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্যাস জার্নি (GAS JOURNEY): চীন থেকে এলপিজি নিয়ে ৫ এপ্রিল বন্দরে এসেছে। বর্তমানে ‘CERLIE’ এলাকায় অবস্থান করছে। খালাসের কাজ ৮ এপ্রিলের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, “দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এই জ্বালানি পণ্য দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস শেষ হবে।”