সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।