দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন করে নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী-
২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা,
২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা,
১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।
এর আগে বুধবার ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সেই বৃদ্ধির মাত্র একদিন পরই বড় ধরনের এই দরপতন ঘটল।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় পর্যায়ে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণে এমন মূল্য পরিবর্তন হচ্ছে।